টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও মাঠে গড়ায়নি। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ কেমন জার্সি পরে নামবে, তা নিশ্চয়ই এতোক্ষণে দেখে ফেলেছেন সবাই?
লাল-সবুজের সঙ্গে হলুদ রংয়ের মিশেল দিয়ে তৈরি করা জার্সিটা ইতিমধ্যে লোকেদের নজর কেড়েছে। সেই সঙ্গে নজর কেড়েছে নতুন অনুশীলন জার্সিও। ফলে একটা কৌতূহলও তৈরি হয়েছে, কে বা কারা তৈরি করেছেন এই জার্সি?
বাংলাদেশ দলের এই নতুন বিশ্বকাপ পোশাকের নকশা করেছেন সেজান লিংকন। লিংকন অবশ্য জার্সির জগতে নতুন কেউ নন। এর আগে তার নকশা করা জার্সি পরেই বাংলাদেশ ২০১১ সালের বিশ্বকাপও খেলতে নেমেছিল। তার উত্থানটা হয়েছিল ‘জার্সি উত্সব’ নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও একটি পৃষ্ঠপোষক সংস্থার আয়োজিত এক প্রতিযোগিতার ভেতর দিয়ে। সেখানে চ্যাম্পিয়ন হওয়া লিংকনের জার্সি পরে খেলতে নেমেছিল বাংলাদেশ।
এ ব্যাপারে লিংকন বলছিলেন, ‘ওই বিশ্বকাপে জাতীয় দলের জার্সির নকশা করার পর আমার লক্ষ্য ছিল, জাতীয় দলের আরও বড় বড় ইভেন্টে তাদের আরও সুন্দর জার্সির নকশা করা।’
সে লক্ষ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ক্রিকেট অপারেশান্স প্রধান আকরাম খানের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পেয়ে যান তারা। ফলে এবারের কাজটি টেক্সওয়েভ নামে একটি প্রতিষ্ঠানের হয়েই করেন সেই লিংকন। শুধু এই জার্সিটি নয়, এশিয়া কাপের মূল জার্সি, অনুশীলন জার্সিসহ সব পোশাক উপকরণই তৈরি ও নকশা করেছে এবার প্রতিষ্ঠানটি।
