দুর্নীতির মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ সুপার মোস্তফা কামালকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিচারাধীন আপিল ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আদালত।
গত ২২ জানুয়ারি দণ্ডপ্রাপ্ত মোস্তফা কামালকে জামিন দিয়েছিলো হাইকোর্ট। ওই জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল দায়ের করে। ওই আপিলের ওপর শুনানিতে দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান ও মোস্তফা কামালের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
প্রসঙ্গত এস এ পরিবহনের মালিকের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবির মামলায় গত বছরের ১২ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জংশনের (জিআরপি) পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন। একইসঙ্গে তাকে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার টাকার মধ্যে ২৫ লাখ টাকা মামলার বাদী এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদকে এবং বাকি পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। ওই দিন রায় ঘোষণার পরপরই মোস্তফা কামালকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন কামাল।
