যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:০৮
যমুনা ব্যাংকের রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবরার হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে জমা পড়া অভিযোগে তার বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাতের কথা বলা হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করার জন্য গত ৯ মার্চ কমিশন থেকে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, যমুনা ব্যাংক রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবরার হোসেন দায়িত্বে থাকাকালীন আরো কিছু ব্যক্তিদের যোগসাজসে প্রতারণা, জালিয়াতি ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ব্যাংকের ৮০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত্ করেন। বিষয়টি দুদকের কাছে অনুসন্ধানযোগ্য মনে হওয়ার কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে দুদক সূত্রে জানা যায়।