বিএনপি পারিবাস ওপেনের পুরুষ ও মহিলা এককের দুই শিরোপাধারী রাফায়েল নাদাল ও মারিয়া শারাপোভা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন। তবে প্রত্যাশিত জয়ে শেষ ষোলোর টিকেট পেয়েছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ সহ অন্য শীর্ষ তারকারা।
আলেক্সান্দার দলগোপলভের বিরুদ্ধে ৬-৩, ৩-৬, ৭-৬ গেমে হারের পর নাদাল বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমি ছন্দ খুঁজে বেরাচ্ছি। এটা সত্যি যে আমি দু’জন প্রতিপক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে খেলে ফেলেছি, তবে সেটা আমাকে ছন্দে ফিরতে সাহায্য করেনি। তবে খেলাটি এমনই। আমি আগের ম্যাচেও কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বাঁচিয়েছিলাম। আজও অনেকটা কাছাকাছি পৌছে গিয়েছিলাম। তবে শেষ দিকে এমনটা হতেই পারে। আপনাকে কখনো কখনো হারতে হবে। আজ আমি হেরেছি। বোধহয় সে (দলগোপলভ) আমার চেয়ে ভাল খেলেছে। তাকে অভিনন্দন। তবে জীবনটা আসলে এমনই। এখন সময় কঠিনতর পরিশ্রম করার এবং মিয়ামির জন্য প্রস্তুত হওয়া।’
এই হারের পেছনে চোটের কোন ভূমিকা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে এই স্প্যানিয়ার্ড বলেন, ‘আমার পিঠের কথা ভুলে যান। কারণ, সেখানে আমি কোন সমস্যা বোধ করছি না। আমাকে ভাবাচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ড দুর্বলতা।’
এদিকে মহিলা এককের শিরোপাধারি শারাপোভা ৬-৩, ৪-৬, ৭-৫ গেমে হেরে গেছেন ক্যামিলা জর্জির বিরুদ্ধে।
