অচলাবস্থা দূর করতে স্থায়ী সমাধান খুঁজে বের করুন :ক্রুডেন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২৩:০০
পাঁচ বছর পর পর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও অচলাবস্থা দূর করতে স্থায়ী সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন। শুধু পরবর্তী নির্বাচন নয়, আগামীতে সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উপায় বের করতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার ফরাসি ভাষাভাষীদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উত্সব ‘ফ্রাঙ্কোফোনি সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন ঘিরে সহিংসতা বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য মঙ্গলজনক না হওয়ায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর জোর দেন এ পশ্চিমা কূটনীতিক। তিনি বলেন, সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর একটি সমাধানে আসা জরুরি। তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় অনেক মানুষ প্রাণ হারায়। ধর্মীয় সংখ্যালঘুরাও এতে আক্রান্ত হয়। প্রধান রাজনৈতিক দলগুলো সমাধানে পৌঁছতে পারলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরাসি রাষ্ট্রদূত মিশেল টাংকিয়ে বলেন, বাংলাদেশ যাতে ভবিষ্যতে নির্বিঘ্নে নির্বাচন আয়োজন করতে পারে সেজন্য সরকার ও বিরোধী জোটকে সমাধান খুঁজে বের করতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজাত, ভিয়েতনামের রাষ্ট্রদূত নোয়েন কোয়াং থোক, সুইজারল্যান্ডের মিশনের উপ-প্রধান ক্যারোলিনা ট্রটেলার, মরক্কোর মিশন উপ-প্রধান সাইদ কাশমি এবং কাতারের কূটনীতিক আব্দুল্লাহ খলিফা এ এ আল-ফাদালা। মিরপুর রোডে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আঁলিয়স ফ্রঁসেজে ফ্রাঙ্কোফোনি উত্সব উপলক্ষে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্স, মিশর, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের অন্য কূটনীতিকরাও। আগামী ২০ মার্চ আন্তর্জাতিক সংস্থা ফ্রাঙ্কোফোনির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সাংস্কৃতিক উত্সব হবে। বাংলাদেশে সাতটি ফ্রাঙ্কোফোনি দেশের দূতাবাস যৌথভাবে এ উত্সবের আয়োজন করেছে। আগামীকাল ১৩ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত এ উত্সব উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে নানামুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যেসব দেশ ফরাসি উপনিবেশ ছিল এবং যেসব দেশে ফরাসি ভাষায় মানুষ কথা বলে সেসব দেশ ফ্রাঙ্কোফোনির সদস্য। বিশ্বে বর্তমানে ৭৭টি দেশের প্রায় ২২ কোটি মানুষ ফরাসি ভাষায় কথা বলে। এবারের উত্সবে ঢাকা ও চট্টগ্রামে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট, বিতর্ক প্রতিযোগিতা, চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।