ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল মঙ্গলবার জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বৈঠক না করার বিষয়টি জানান। সোমবার সের্গেই লাভরভ যুক্তরাষ্টকে ওই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। এদিকে ইউক্রেনে নতুন একটি সামরিক বাহিনী গড়ে তোলা হচ্ছে এবং সরকার দেশটির নিরাপত্তার নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে ক্রিমিয়ার পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অনুমোদন করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে জানিয়েছেন, রাশিয়া ক্রিমিয়ায় আক্রমণ করলে যে কোনো সমঝোতা করা কঠিন হয়ে যাবে। কেরি বলেন, ক্রিমিয়ায় গনভোটের প্রক্রিয়া যদি এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই ভোটকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। এদিকে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ গতকাল রাশিয়ায় দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করে বলেছেন, ইউক্রেনে এখন ‘প্রতিক্রিয়াশীলদের দল’ ক্ষমতায়। তিনি ২৫ মে’র পার্লামেন্ট নির্বাচনকে অবৈধ বলে উল্লেখ করেন। আর ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনুক ক্রিমিয়ার সরকারকে ‘সন্ত্রাসীদের দল’ বলেছেন। তিনি মস্কোকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহবান জানান।
ইউক্রেনের পার্লামেন্টে গতকাল সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। তারা রাশিয়াকে ১৯৯৪ সালের ’রাশিয়া-ইউক্রেন’ চুক্তি মানতে বাধ্য করতে চাপ সৃষ্টি করতে দেশ দুটির প্রতি আহবান জানিয়েছেন। অন্যদিকে ক্রিমিয়ার পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অনুমোদন করা হয়েছে। যদি আগামী ১৬ মার্চের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার অনুমোদন পাওয়া যায় তাহলে এই ঘোষণাপত্র ব্যবহার করা হবে। রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ে আলোচনা করতে গতকাল লন্ডনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
