হাটহাজারীতে কৃষক লীগ নেতার লাশ উদ্ধার
পিরোজপুরে এক নেতার পায়ের রগ কর্তন
চাটখিলে আওয়ামী লীগ নেতা অপহূত
বাগেরহাটে আওয়ামী লীগঅফিসে আগুন
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদের সদস্যকে অপহরণ করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
হাটহাজারী (চট্টগ্রাম): কৃষক লীগ নেতা মো. ওয়াসিমের (৩৫) লাশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল লাইন এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করে। হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম নোমান গ্রুপের অনুসারী ওয়াসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম রেল স্টেশনে বৈশাখী মেলায় ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান আসাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন তিনি। ২০১০ সালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, নিহতের মাথা ও মুখের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা তাকে মেরে ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন জানান, ‘ওয়াসিম জায়গা জমির ব্যবসার সাথে জড়িত ছিল জানতাম।’ তিনি আরো জানান, ‘যে এলাকা থেকে তার লাশ উদ্ধার হয় সেখানে রাতের বেলায় বন্ধুবান্ধবসহ ওয়াসিম আড্ডা দিত। তার একটি সন্তান রয়েছে।’
হাটহাজারী মডেল থানার ওসি মো. ইসমাইল জানান, ওয়াসিম নামের এক যুবকের লাশ চবির রেল লাইন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আমরা জেনেছি সে সরকারি দলের রাজনীতির সাথে জড়িত ছিল। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে।
হাটহাজারী থানার ফতেহপুর রাজা ফকির বাড়ির মৃত হাজী মো. হোসেনের ছেলে ওয়াসিম।
পিরোজপুর অফিস: সোমবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান খালেকের পক্ষে এক মতবিনিময় সভা শেষ করে বাড়ি ফেরার পথে ডা. আমজাদ হোসেন দুর্বৃত্তদের হামলার শিকার হন। মুখোশধারী দুর্বৃত্তরা তার পায়ের রগ কেটে দিয়েছে। একই সঙ্গে তার পেটে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোমবার গভীর রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ শেখ জানান, ভৈরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ওষুধের দোকানে বসে নির্বাচনী মতবিনিময় সভা শেষ করে আমরা যার যার মত বাড়ি রওয়ানা হই। কিছু সময় পর সংবাদ পাই দুর্বৃত্তরা আমজাদকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে।
মারাত্মক আহত অবস্থায় তাকে রাতে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে চিকিত্সা দেয়ার পর রাত ১১ টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
বাগেরহাট : গতকাল ভোরে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মরগা বাজার এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান বাচ্চু বিএনপিকে দায়ী করেছে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আজম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী): চাটখিলের নোয়াখলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর সিংবাহুড়া ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) এর যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রিপনকে (৪০) গত সোমবার রাতে অপহরণ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে গতকাল গাছ কেটে খিলপাড়া চাটখিল সড়কে অবরোধ করেছে। রিপন সিংবাহুড়া গ্রামের আলী আকবরের ছেলে।
জানা গেছে, সোমবার রাত পোনে ৯টার দিকে রিপন তার সিংবাহুড়া গ্রামের কার্যালয়ে ছিল। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে কার্যালয় থেকে উঠিয়ে এনে মোটর সাইকেলে উঠতে বলে। না উঠলে এখানেই গুলি করে হত্যা করার হুমকি দেয়। এতে রিপন বাধ্য হয়ে মোটর সাইকেলে উঠলে সন্ত্রাসীরা তাকে পশ্চিম দিকে নিয়ে যায়। এরপর থেকে রিপনের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। রিপনকে উদ্ধারে থানা পুলিশের বিরুদ্ধে কালক্ষেপণ করার অভিযোগ করেছে এলাকাবাসী।
কলারোয়ায় জনসভায় বোমা ও ককটেল বিস্ফোরণ
এদিকে কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, কলারোয়ায় নির্বাচনী জনসভার কাছে বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যুগীখালী বাজারে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা-১ আসনের এমপি মোস্তফা লুত্ফুল্লাহ জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও যুগীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার জানান, যুগীখালী বাজারে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা হচ্ছিল। সন্ধ্যা ৭টার পর ফিরোজ আহম্মেদ স্বপন বক্তব্যদানের জন্য মঞ্চে ওঠার পর পরই মঞ্চ থেকে ২শ’ গজ দূরে বাজারের দক্ষিণ পার্শ্বে পর পর একটি শক্তিশালী বোমা ও ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় জনসভায় আসা মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ফিরোজ আহম্মেদ স্বপন জানান, ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করার লক্ষ্যে এলাকার বিএনপি-জামায়াতের ক্যাডাররা এঘটনা ঘটিয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনশী মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেলের বিস্ফোরণে হতাহতের কোন ঘটনা ঘটেনি। যুগীখালী বাজারে পুলিশ ও যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করেনি।
