কুইক কমিশনের জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে :ড. মোশাররফ

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২৩:০২
কুইক রেন্টাল নয়, কুইক কমিশনের জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে-এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, কুইক রেন্টালে চাঁদা দেয়ার পাশাপাশি নিজেদের পকেট ভারি করতে গত পাঁচ বছরে বিদ্যুতের দাম তিনগুণ বাড়ানো হয়েছে। জনগণকে আজ বিদ্যুতের বিল দিতে হিমশিম খেতে হচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুতের বিল না বাড়ানোর আহ্বান জানিয়ে ড. মোশাররফ বলেন, বিল বাড়ানোর নৈতিক অধিকার এ সরকারের নেই। কারণ ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে এ সরকার ক্ষমতায় এসেছে। তিনি যত দ্রুত সম্ভব নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহবান জানান। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, যুবদল নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, এসএম জাহাঙ্গীর প্রমুখ।