ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের সাথে পুলিশের হাতাহাতি ঘটেছে। এতে অন্তত ছয়জন ছাত্র আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ছাত্রদের কর্মসূচিতে বাধা দিলে হাতাহাতির সূত্রপাত হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে গতকাল পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। কর্মসূচি অনুযায়ী সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়। এসময় পুলিশ ফটক আটকে দেয়। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের ভেতরে ছিলেন। এরপর শিক্ষার্থীরা কলেজের উত্তর দিকের ফটক দিয়ে সড়কে বেরিয়ে আসেন। পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের ভেতরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। পুলিশ সরে গেলে শিক্ষার্থীরা মিরপুর সড়কে অবস্থান নেন।
শিক্ষক ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর দুপুর একটার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে প্রায় পৌনে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দাবি আদায়ে শিক্ষার্থীরা ১৮ মার্চ সংহতি সমাবেশ ও ২০ মার্চ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন। ঘটনায় আহত ছয় ছাত্রের নাম তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে একজন ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
