ট্রেন মিস করে খালেদা জিয়া ফুটপাত দিয়ে হাঁটছেন :শেখ সেলিম

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২৩:০৩
গোপালগঞ্জ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কটূক্তির নিন্দা জানিয়েছেন ঐ জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া নির্বাচনের ট্রেন মিস করে এখন ফুটপাত দিয়ে হাঁটছেন। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ নিয়ে তিনি যেসব কথা বলেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই জেলা নিয়ে আর একটি কটূ কথা বললে জনগণ তাকে উচিত শিক্ষা দেবে। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ সংসদ সদস্য বলেন, যেই গোপালগঞ্জে বঙ্গবন্ধু শুয়ে আছেন, যেই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই জেলা নিয়ে ক্ষমতা হারানো খালেদা জিয়া বেসামাল কথাবার্তা বলছেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, গোপালগঞ্জের নাম পরিবর্তন করে পাকিস্তান রাখা যাবে না। বরং আপনাকেই ট্রেনে উঠে পাকিস্তান চলে যেতে হবে। শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান তার কবরে লোকজনকে যেতে দিতেন না, সেখানে কাউকে মিলাদ ও দোয়া করতে দিতেন না, পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখতেন। অথচ গোপালগঞ্জ হলো বাংলাদেশের রাজনৈতিক তীর্থস্থান। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন গোপালগঞ্জও থাকবে। দ্রুত তিস্তা চুক্তি চান তাজুল শেখ সেলিমের আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পানির অভাবে তিস্তার বুক খাঁ খাঁ করছে। তাড়াতাড়ি তিস্তা চুক্তি করতে হবে। আমরা চাই বাংলাদেশের মানুষ বাঁচুক। এই মুহূর্তে ভারত কিছু পানি না দিলে তিস্তা ব্যারেজ নষ্ট হয়ে যাবে।