নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাবি ছাত্রলীগের শোডাউন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২৩:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে ক্যাম্পাসে অর্ধশত মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি এ মহড়া দেন। পরে সমালোচনার মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন তিনি। গত ২ ফেব্রুয়ারির ঘটনার পর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি বৈঠকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র প্রচার ও বিতরণ নিষিদ্ধ করা হয়। এর আগে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ২০০৯ সালের ১১ মে সিন্ডিকেটের এক সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।