মডেলিং ও অভিনয় দুই মাধ্যমে নিজের প্রতিভার জানান দিয়েছেন অগ্নিলা। তবে অভিনয়ের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে তার মনে। তাই ভালো ভালো চরিত্রে অভিনয়তেই পছন্দ করেন। বর্তমানে এনটিভিতে প্রচার হচ্ছে অগ্নিলা অভিনীত একটি দীর্ঘ ধারাবাহিক। অভিনয়প্রেমী এই তরুণীকে নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন
তাহের মানিক
শৈশব থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিল তার। একটা সময় স্বপ্ন দেখতেন পারফর্মিং মিডিয়ায় কাজ করার। তাই তো ছোটবেলায় তিনি প্রথম মডেল হন ‘পেপসোডেন্ট’-এর বিজ্ঞাপনচিত্রে। ওই বিজ্ঞাপনে তার সাবলীল পারর্ফমেন্স সবার নজর কাড়ে। এরপর একে একে মডেল হন ‘কোকাকোলা’, ‘মরটিন’, ‘হাবিব ফ্যান’, ‘বাটা’সহ আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে। একটু বড় হওয়ার পর পড়াশোনার জন্য চলে যান কানাডায়। তাই মিডিয়ার সাথে তার কিছুটা দূরত্বও বাড়ে। অগ্নিলা মূলত গত বছর দেশে বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে নিতান্তই অনুরোধে কয়েকটি নাটকে কাজ করতে হয়েছে। কিন্তু তা করতে গিয়ে যে নিজের ছুটি কাটানো বাদ দিয়ে অভিনয়ে আর বিজ্ঞাপনে কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে উঠতে হবে তা ভাবতেই পারেননি তিনি। অগ্নিলা এর আগে দেশে এসে তানভীর হাসানের নির্দেশনায় ‘গ্রামীণ ফোন’-এর বন্ধু প্যাকেজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এবার পরপর দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন। সম্প্রতি তিনি শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় ‘নিহার শান্তি আমলা কেশ তেল’ এবং প্রীত রহমানের পরিচালনায় মডেল হিসেবে কাজ করেছেন ‘আরএফএল ইটালিয়ানো’-এর বিজ্ঞাপনে। দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অগ্নিলা বলেন, ‘অমিতাভ ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল। কিন্তু কখনও তার সাথে কাজ করা হয়ে উঠেনি। প্রথম কাজ করেছি। অনেক ভালো লেগেছে। আরএফএল-এর কাজটিও ভালো হয়েছে।’ অগ্নিলা জানান, দুটি বিজ্ঞাপনই চলতি মাসে প্রচার শুরু হবে। বর্তমানে এনটিভিতে প্রচার হচ্ছে অগ্নিলা অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’। এদিকে অগ্নিলা স্বাধীনতা দিবসের একটি নাটকে কাজ শুরু করেছেন গাজীপুরের পূবাইলে। আল মনসুরের রচনা ও পরিচালনায় অগ্নিলা অভিনয় করছেন ‘মাটির বুকে ঘুমিয়ে আছে’ নাটকে। এ নাটকে তিনি সাঈদ বাবুর সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। অগ্নিলা অভিনীত চলতি সময়ের একমাত্র ধারাবাহিক নাটক হচ্ছে আলী ফিদা একরাম তোজো পরিচালিত ‘ফ্যামিলি প্যাক’। এটি খুব শিগগরিই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। অগ্নিলা সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের ধারাবাহিক নাটক ‘রোদ’-এ অভিনয় করেছিলেন। একই পরিচালকের ‘বিপ্রতীপ’ নাটকটি ছিল তার জীবনের প্রথম ধারাবাহিক নাটক। ভবিষ্যত্ ভাবনার কথা জানতে চাইলে অগ্নিলা বলেন, ‘আমার প্রথম চাহিদা পড়াশোনা শেষ করা। তারপর যতটুকু সময় পাবো তা নাটক ও বিজ্ঞাপনে দেবো।’
