সাধারণ মেয়ে থেকে বিকিনি গার্ল

আপডেট : ১২ মার্চ ২০১৪, ১৮:৩৩
বলিউডে অভিনেত্রী হিসেবে সোনম কাপুরের পথচলা শুরু হয়েছিল ৭ বছর আগে। অভিনেত্রী হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন প্রখ্যাত অভিনেতা অনিল কাপুর তনয়া। বলিউডে একজন ফ্যাশন দুরস্ত নায়িকা হিসেবে সোনমের বিশেষ পরিচিতি থাকলেও অভিনীত ছবিগুলোতে তাকে সহজ সরল শান্ত স্নিগ্ধ তরুণীর ইমেজে সাধারণ সাজ পোশাকে দেখা গেছে। তবে মুক্তিপ্রতীক্ষিত ‘বেওয়াকুফিয়ান’ ছবিতে অতীতের সব ধ্যান-ধারণা পাল্টে দিতে দারুণ খোলামেলা সাহসী ভঙ্গিতে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন। যা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন দু’বছর আগের কথা। পর্দায় বিকিনি পরে খোলামেলা শরীরে সাহসী পোজে উপস্থিত হওয়া প্রসঙ্গে কথা বলছিলেন সোনম কাপুর। এ প্রসঙ্গে বেশ জোরালোভাবে তিনি বলেছিলেন, ‘আমি কখনোই বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়াব না, কারণ বিকিনি পরার মতো পারফেক্ট ফিগার নয় আমার। তাই বিকিনি পরা অবস্থায় পর্দায় আমাকে দেখার সম্ভাবনা একদম নেই। আমার নিজের ফিগার নিয়ে তেমন আত্মবিশ্বাস নেই। বিকিনি সাজে আমাকে ভালো দেখাবে না। অন্য অনেকের মতো আমার ফিগার এতটা সুন্দর নয়—এটা আমি বুঝি।’ ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের স্টাইলিশ গার্ল হিসেবে পরিচিত বিভিন্ন সিনেমায় তার সাজপোশাক নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছেন। নিজের অভিনীত চরিত্র অনুযায়ী সাধারণ মেয়ের সাজপোশাকে পর্দায় উপস্থিত হয়েছেন সোনম। গত বছরেও সোনমকে ‘রান্ঝানা’, ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে সাধারণ মেয়ের সাজে দেখেছেন দর্শক। আজকাল যেখানে হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকাদের অনেকেই দারুণ সাহসী ভঙ্গিতে খোলামেলা সাজপোশাকে পর্দায় উপস্থিত হচ্ছেন এবং উদ্দাম আলোড়ন সৃষ্টি করছেন সেক্ষেত্রে সোনম কাপুর অনেকটা গুটিয়েছিলেন। এতদিন অভিনীত বিভিন্ন ছবিতে নিজের পোশাকআশাক নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালালেও বিকিনি পরে পর্দায় উপস্থিত হলে তাকে দেখতে কেমন লাগবে দর্শক কীভাবে তাকে গ্রহণ করবেন তা নিয়ে অনেকটা সংশয়ে ছিলেন তিনি। অল্প কিছুদিন আগে তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ‘বেওয়াকুফিয়ান’ ছবির প্রমো টিভি পর্দায় দেখানো শুরু হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। এ ছবির প্রমোতে সোনমকে বিকিনি পরা অবস্থায় সুইমিং পুলে সাহসী ভঙ্গিমায় দেখে দর্শক ভীষণভাবে চমকে উঠেছেন। সবাই প্রথমে অবাক হলেও পরবর্তীতে সোনমের বিকিনি সাজে পর্দায় উপস্থিতি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ফিগার নিয়ে যে সোনম অনেকটা সংশয়ের মধ্যে ছিলেন এতদিন মুক্তিপ্রতীক্ষিত নতুন ছবিতে বিকিনি সাজে তাকে দেখে দর্শকদের উচ্ছ্বাসময় প্রতিক্রিয়ায় উদ্বেলিত হয়েছেন। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘বেওয়াকুফিয়ান’ ছবিতে এটা খুবই সাধারণ একটি দৃশ্য, তবে এটা দর্শকদের মধ্যে এতটা সাড়া জাগাবে আমি ভাবতেই পারিনি। আমার অগণিতি ভক্ত-দর্শক-অনুরাগী এটা পজিটিভলি গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করছেন দেখে আমি বেশ আনন্দিত।’ মুক্তি প্রতীক্ষিত এ ছবিতে সোনম কাপুর অভিনয় করেছেন দিল্লি শহরের একজন আধুনিক তরুণীর চরিত্রে। যে প্রেম করে অতি সাধারণ একজন চাকুরে যুবক আয়ুষ্মান খুরানার সঙ্গে। প্রেমিককে বিয়ে করে ঘর বাঁধতে চাইলেও মেয়েটির বাবা নানাভাবে বাধার সৃষ্টি করে। এখানে সোনমের বাবা সেজেছেন ঋষি কাপুর। যার অভিনেতা পুত্র রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে সোনম কাপুরের রুপালি পর্দায় অভিষেক হয়েছিল। আলোচ্য এই নতুন ছবিতে নিজের অভিনয় প্রসঙ্গে সোনম বলেন, ‘আমাকে তেমন কষ্ট করতে হয়নি এ ছবির জন্য। কারণ এখানে আমি অসাধারণ কোনো মেয়ের চরিত্রে অভিনয় করিনি। এ ছবিতে আমাকে দেখে সিনেমার নায়িকা মনে হবে না, মনে হবে আশপাশে অতি চেনাজানা কোনো সাধারণ মেয়েই। আমি বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করেছি বলতে পারেন। যখন ছবিটিতে চুক্তিবদ্ধ হই এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। পরে আমাকে বলা হলো সুইমিং পুলের একটি দৃশ্য রয়েছে এবং আমাকে এজন্য সুইম স্যুট পরতে হবে। আমি তাদের বললাম, আমি হালকাপাতলা ফিগারের শরীরে এ ধরনের পোশাক পরব কীভাবে। তারপরেও আমি শট দিলাম বিকিনি পরে। এটা খুবই সাধারণ একটি শট ছিল, যেখানে আমি সাঁতারের পোশাক পরে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছি’, সোনম অকপটে খুলে বলেন সব কথা।