নবদম্পতির মধুচন্দ্রিমার গল্প গল্প নিয়ে নির্মিত হলো একখণ্ডের নাটক ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। সম্প্রতি উত্তরা ও ঢাকার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন অজেয় চৌধুরী
মধুচন্দ্রিমা সাধারণত মধুময়ই হয়। তবে তাতে যে তিতা মিঠার ব্যাপারও থাকে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকের মধ্য দিয়ে। এই নাটকে নবদম্পতি হিসেবে দেখা যাবে জনপ্রিয় নাট্যাভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী শায়না আমিনকে। বিয়ে পরবর্তী মধুচন্দ্রিমায় যাওয়ার পর তাদের জীবনে ঘটে নানা ঘটনা। ফলে তাদের মধুময় অভিজ্ঞতার সাথে সাথে কিছু তিক্ত অনুভূতির জন্ম হয়। এই সব অভিজ্ঞতার ঘটনা নিয়েই মূলত এগিয়ে যায় ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ নাটকের গল্প। সম্প্রতি উত্তরা ও ঢাকার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। মোশাররফ করিম ও শায়না আমিন দ্বিতীয়বারের মতো কোনো নাটকে জুটি হলেন। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘জুবায়েরের কাজের ধরনটা আমার কাছে ভিন্নরকম মনে হয়। সিরিয়াস একজন পরিচালক। খুব ভালো একটি কাজ হয়েছে।’ অপরদিকে শায়না আমিন বলেন, ‘এর আগে মোশাররফ ভাইয়ের সাথে একটি মাত্র নাটকেই কাজ করেছি। তিনি খুব কো-অপারেটিভ। অনেক ভালোলাগা নিয়ে কাজটি করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ পরিচালক জুবায়ের ইবনে বকর বলেন, ‘একেকজন মানুষের মধুচন্দ্রিমার অনুভূতি একেক রকম। এই নাটকের গল্পের পটভূমি সব কিছুই করা হয়েছে খুবই বাস্তব জীবনের গল্প নিয়ে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতির জন্ম দিবে দর্শকদের মাঝে।’ একখণ্ডের নাটক ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ শীঘ্রই যেকোনো চ্যানেলে প্রচার হবে।
