সম্প্রতি জিটিভি’তে প্রচার শুরু হয়েছে ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘শোধ’। সৌরভের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন শাহদাত্ হোসেন সুজন। এতে অভিনয় করেছেন আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, মুনিয়া, সিগ্ধা, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল এবং আরও অনেকে। এই নাটকের গল্পে দেখা যায়, ইয়াসিন সাহেবের বাড়িতে খবরের কাগজের একটা খবর দেখার পরে তার তিন মেয়েসহ সবাই আনন্দে মুখর। ইয়াসিন সাহেব, যিনি পেশায় কিনা একজন উকিল, তার একটি কেস জেতার খবর পেপারে বেরিয়েছে। কেসটাও একটু অদ্ভুত ধরনের। চট্টগ্রামের একটি ছেলে কিডনি চিকিত্সার জন্য ডা. আক্তারের কাছে আসে। কিন্তু ডাক্তারের অবহেলার কারণে ছেলেটি মারা যায়। ডা. আক্তার শহরের নামিদামি ডাক্তার। খবরের কাগজে, মিডিয়াতে বা শহরের বড় বড় পার্টিতে সবসময় তার ব্যাপারে চর্চা হয়। ডা. আক্তারের দুই ভাই সোবহান খান আর ফারহান খান। ফারহান এদের মধ্যে সবচেয়ে ছোট। বড় দুই ভাইয়ের আদর আর ভালোবাসা পেয়ে সে জেদী আর অহংকারী হয়ে গেছে। প্রেমের ব্যাপারে তার খুব একটা আগ্রহ নেই, কিন্তু যেটা সে চায় সেটা সে করেই ছাড়ে। মৃত ব্যক্তির ব্যাপারে কোর্ট ডা. আক্তারকে বিপুল অংকের টাকা জরিমানা করে। যা কিনা মৃত ব্যাক্তির বাবা-মাকে দেওয়া হয়। এদিকে এ ব্যাপারে ডা. আক্তারের বাড়িতে দুঃখের ছায়া আর অন্যদিকে ইয়াসিনের বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। তার বাড়িতে দ্বিগুণ খুশি। একদিকে কেস জেতা আর অন্যদিকে বড় মেয়ের বিয়ে। অন্য শহরের এক বিখ্যাত ব্যবসায়ী পরিবারে ইয়াসিন সাহেবের বড় মেয়ে রেশমীর বিয়ে ঠিক হয়েছে। পাত্র খালেদের সাথে পাত্রী রেশমীর দেখা সাক্ষাতও হয়েছে। পারিবারিকভাবে বিয়ে হচ্ছে। দুই পরিবার এই বিয়ে ঠিক করেছে। ইয়াসিন সাহেব খালেদের পরিবারের মতো ধনী না হলেও ওকালতি এবং সততার জন্য সমাজে সম্মান আছে। ইয়াসিন সাহেবের দেওয়া অপমান আক্তার এবং আক্তারের পরিবারের সহ্য হচ্ছিল না। আক্তারের ছোট ভাই ফারহান রাগান্বিত হয়ে ইয়াসিন সাহেবের বাসায় আসে এবং অপমান করতে চায়। তখন ইয়াসিনের বড় মেয়ে রেশমী ফারহানকে উল্টো অপমান করে ঘর থেকে বের করে দেয়। এমনি করে চলতে থাকবে নাটকের গল্প। এই নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ভিন্ন ধরনের গল্প নিয়ে এই ধারাবাহিক। এই নাটকে নানা সচেতনতামূলক মেসেজও আছে। সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।’ ধারাবাহিক নাটক ‘শোধ’ প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হয়।
