উত্তাল মার্চকে কেন্দ্র করেই এশিয়ান টিভির ‘মিডিয়া ডায়লগ’ সাজানো হয়েছিল। মিডিয়ায় ‘মুক্তিযুদ্ধের চর্চা’ এই বিষয় নিয়ে এবারের পর্বে কথা বলেছেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর কন্যা সংস্কৃতি কর্মী ড. নুজহাত চৌধুরী। মিডিয়ায় দীর্ঘদিন ধরেই কোনো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মিত হয় না কেন? এ বিষয় নিয়ে আলাপচারিতায় নুজহাত চৌধুরী বলেন, ‘অনেকেই বাজেটের সীমাবদ্ধতার কথা বলেন। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ অনেক বড় মাপের প্লট! এখানে যুদ্ধের দামামা থেকে শুরু করে যে কত ধরনের গল্প, উপাত্ত আছে, তা নিয়ে এখনকার তরুণেরা ভাবলে অনেক কাজ করতে পারেন।’
অনুষ্ঠানে মাহিদুল ইসলাম বলেন, ‘বাজেটের সীমাবদ্ধতায় তরুণেরা যদি অন্য গল্পের ছবি করতে পারেন, তাহলে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণও করারও সুযোগ রয়েছে। আমার মনে হয়, নিজের ভেতরের বোধটা জরুরি। ইচ্ছে থাকলে যেকোনো তরুণই পারেন। তবে আশার ব্যাপার, এ দেশের আবৃত্তিশিল্পে মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক কাজ হয়েছে।’ ‘মিডিয়া ডায়লগ’-এর প্রযোজক আনিসুর রহমান বলেন, ‘মার্চ উপলক্ষেই আমরা বিশেষভাবে সাজিয়েছি এবারের পর্ব। কারণ আমাদের অনুষ্ঠানটি সমসাময়িক সকল ইভেন্টকে ধরে রাখারই নিয়মিত চেষ্টা। সেই অর্থে একেবারেই ভিন্ন প্লট নিয়ে এবারে আলোচনা করেছি আমরা। আশা করি দর্শকেরা উপভোগ করেছেন।’ অনুষ্ঠানটি গতকাল দুপুর ১টায় প্রচার হয়।
