এক বেঞ্চে ২০ জন বসে ক্লাস!

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৫৫
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সরকারের নানামুখী অগ্রগতি থাকলেও নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের মোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবকাঠামোগত কোন উন্নয়ন আজও হয়নি। এ কারণে শিক্ষক এবং শিক্ষার্থীদের ঝড় বাদলের মধ্যে যেমন দুর্ভোগে পড়তে হয়, তেমনি বেঞ্চের অভাবে এক বেঞ্চে ১৫/২০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসতে হয়। ১৯৯১ সনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বেসরকারি রেজিস্ট্রিকৃত স্কুল হিসাবে বছরের পর বছর চলে আসলেও ২৩ বছরেও বিদ্যালয়ের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। প্রায় প্রতি বছর ঝড়ের সময় বিদ্যালয়ের টিনের ঘর ভেঙ্গে গেলে স্থানীয় লোকজন মেরামত করলে ক্লাস হয়। গত ৯ মার্চ নেত্রকোনা পাবলিক পলিসি ফোরাম এবং সাংবাদিক ফোরামের একটি দল বিদ্যালয়টি পরিদর্শনকালে বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষিকা মিনতি রায় জানান, সরকার এই বিদ্যালয়টি গত বছর সরকারিকরণ করেছেন। কিন্তু অবকাঠামোগত কোন উন্নয়নের কাজ হচ্ছে না। বিদ্যালয়ের কোন দরজা-জানালা নেই। মাত্র কয়েকটি বেঞ্চ রয়েছে। অথচ বিদ্যালয়ে ২২৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ৪জন। তারা সবাই প্রতিদিন ক্লাসে আসে। এলজিইডি থেকে কয়েকবার মাপ নেয়া হলেও এখন পর্যন্ত কোন পাকা স্থাপনা নির্মাণ করা হয়নি। এদিকে পাবলিক পলিসি ফোরামের নেত্রকোনা সদর কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সবুজ এবং সাংবাদিক ফোরামের সদস্য খায়রুল হক জানান, অবিলম্বে বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ না করা হলে এই টিনের ঘরটি এবারের ঝড় বাদলে একেবারে ভেঙ্গে পড়বে এবং প্রাণহানিও ঘটতে পারে। নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালবিকা ভৌমিক বলেন, সদ্য স্কুলটি সরকারিকরণ হয়েছে। এখন যাতে বিদ্যালয়ের পাকা ভবন নির্মিত হয় সেজন্য তিনি উদ্যোগ নেবেন।