রপ্তানি বাণিজ্যের উপর সরকার ঘোষিত নগদ প্রণোদনা ফেরত নেয়ার জন্য চাপ প্রয়োগ করে নারায়ণগঞ্জের ৪টি রপ্তানিমুখী গার্মেন্ট কারখানা মালিকের কাছ থেকে নেয়া ঘুষের ২৪ লাখ ২৮ হাজার টাকা ফেরত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের একটি অডিট টিম। গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর (বিকেএমইএ) সহায়তায় মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের অগ্রণী ব্যাংক কোর্ট রোড শাখার সহকারী মহাব্যবস্থাপকের মাধ্যমে ঘুষের এসব টাকা ফেরত আনা হয়।
বিকেএমইএ ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বিশ্ব মন্দার কারণে ২০১০ সাল থেকে সরকার ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বিশেষ নগদ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। ২০০৮-২০০৯ অর্থ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো যেগুলো বছরে সাড়ে ৩ মিলিয়ন ডলার রপ্তানি করেছে তাদেরকে ৫ শতাংশ হারে প্রণোদনা দেবে সরকার। সেই হিসেবে নগদ প্রণোদনা দেয়া বর্তমানে কার্যকরও রয়েছে।
গত বুধবার স্থানীয় রাজস্ব বোর্ডের অডিটের কর্মকর্তা মো. শরীফের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল নারায়ণগঞ্জ অগ্রণী ব্যাংক কোর্ট রোড শাখায় অডিট করতে এসে ১৮০ দিনের মধ্যে আবেদন না করায় নগদ প্রণোদনার ৪টি রপ্তানিমুখী গার্মেন্টের নেয়া ২ কোটি ৫ লাখ টাকা ফেরত দেয়ার জন্য ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখাও ওই ব্যবসায়ীদের চাপ এবং ভয়ভীতি দেখান। ওই সময় অডিট টিমের কর্মকর্তারা ৩০ লাখ টাকা উেকাচ দাবি করেন। হাতেম আরো জানান, রবিবার আমি জানতে পারি অডিট টিম নারায়ণগঞ্জের ৪টি গার্মেন্ট থেকে ২৪ লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে কৃষ্ণচূড়া ফ্যাশন থেকে ৮ লাখ টাকা, নিট গার্ডেন লিমিটেড থেকে ৭ লাখ ২৮ হাজার টাকা, অল রাউন্ড নিটওয়্যার লিমিটেড থেকে সাড়ে ৫ লাখ টাকা, নেক্সট ডিজাইন লিমিটেড থেকে সাড়ে ৩ লাখ টাকা। বিষয়টির মধ্যস্থতা করেন অগ্রণী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ শাখার ম্যানেজার গোলাম কাদির। বিষয়টি জানতে পেরে আমিসহ বিকেএমইএ-এর নেতৃবৃন্দ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অগ্রণী ব্যাংক কোর্ট রোড শাখার সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিনের সঙ্গে বৈঠক করি। বৈঠকে ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর অডিট টিমের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকৃতি জানায়। এসময় আমরা তাদেরকে বলি, যদি ঘুষের টাকা ফেরত না দেয় তাহলে আমি বিষয়টি উপরের মহলে জানাবো। এরপর মঙ্গলবার দুপুরে অডিট টিম ঘুষ নেয়া ২৪ লাখ ২৮ হাজার টাকা সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিনের নিকট ফেরত দিলে তিনি টাকাগুলো আমার হস্তগত করেন।
এ বিষয়ে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার ম্যানেজার গোলাম কাদিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মঙ্গলবার তিনি ব্যাংকে ছিলেন না। সহকারী মহাব্যবস্থাপক এবিএম রুহুল আমিন সাংবাদিকদের জানান, রাজস্ব কর্মকর্তাকে মানসিকসহ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের পর তিনি টাকাগুলো ফেরত দিতে বাধ্য হয়েছেন।
হাতেম জানান, হয়রানি ও ঘুষের অর্থ ফেরতের বিষয়টি তিনি মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকায় একটি মিটিংয়ে সরকারের ঊর্ধ্বতনদের জানিয়েছেন। ওই মিটিংয়ে বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিব এবং শ্রম মন্ত্রী ও শ্রম সচিব উপস্থিত ছিলেন।
