জনমত উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ালে কঠোর আন্দোলন

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২১:১৬
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, গণফোরাম এবং ন্যাপ ভাসানী। এসময় বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে এসব সংগঠনের নেতারা। এছাড়া জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে গণসংহতি আন্দোলন। এতে বক্তব্য দেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পথে ব্যারিকেড দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকার যদি জনমত উপেক্ষা করে একতরফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর সভাপতিত্বে বক্তব্য দেন আবদুস সালাম, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার, বাচ্চু ভুঁইয়া, আবু বকর রিপন, আরিফুল ইসলাম, প্রবীর সাহা প্রমুখ। এদিকে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি। সমাবেশ থেকে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানানো হয়। অন্যদিকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পালোয়ান রুহুল আমিন ঢালী, মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, হোসেন মোল্লা, মোমেন মেহেদী, মো. হাসান মিয়া প্রমুখ। একইদিন যানজট নিরসনে জরুরি পদক্ষেপ এবং বিদ্যুত্ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা মহানগর গণফোরাম। মানববন্ধনে বলা হয়, সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, যা জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারি না। এসময় গণফোরামের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।