স্যামি ঝড়ে সিরিজ জিতলো উইন্ডিজ

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:২৭
ড্যারেন স্যামির দারুণ এক ক্যামিওর উপর ভর করে গত বুধবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সর্বশেষ সিরিজে সতীর্থদের এই পারফরম্যান্সে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত স্যামি। ১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এগোচ্ছিল সাবলীল ভঙ্গিতেই। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ ও ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৪.৩ ওভারেই স্কোরবোর্ডে তারা জমা করে ৪৮ রান। এই অবস্থায় স্মিথ ফিরে গেলেও প্রায় চার মাস বিরতি শেষে দলে ফেরা গেইল তান্ডব চালিয়ে যান আরো কিছুক্ষণ। রবি বোপারার বলে বোল্ড হওয়ার আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারির ব্যাট থেকে আসে ৩৬ রান। ৩০ বলে করা ঐ ইনিংসে একটি চারের পাশাপাশি ছিল চারটি ‘গেইলসুলভ’ ছয়ও। তবে মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে এরপরও জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু পঞ্চদশ ওভারে লুক রাইট সিমন্সকে ফিরিয়ে দেয়ার পরের ওভারেই টিম ব্রেসনানের জোড়া আঘাতে স্যামুয়েলস-আন্দ্রে রাসেলকে হারায় ক্যারিবীয়রা। দুই ওভারের ব্যবধানে ১/১১২ থেকে ৫/১১৫ রানে পরিণত হওয়া ক্যারিবীয় শিবিরে তখন হারের শঙ্কা। তবে উইকেটে এসেই পরিস্থিতি পাল্টে দেন স্যামি। নয় বলের সংক্ষিপ্ত এক ইনিংসে ৩০ রান তুলে মাঠ ছাড়েন ম্যাচ জিতিয়েই। আগামী সপ্তাহে বাংলাদেশে শুরু হওয়া টোয়েন্টি ২০ বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে শেষ ম্যাচেও জয় দিয়ে পুরো আত্মবিশ্বাসী হয়েই ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামতে চায়। ম্যাচ শেষে উচ্ছ্বসিত স্যামি বলেছেন, ‘টি২০ বিশ্বকাপের খেলতে যাবার আগে এই ধরনের আত্মবিশ্বাস খুব জরুরি ছিল। এটা খুবই ভাল দিক যে সবাই পারফর্ম করছে। প্রতেক্যেই দলের পরিকল্পনা অনুযায়ী সেগুলো মাঠে প্রয়োগ করে সফল হচ্ছে।’ এর আগে বার্বাডোসের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড জো বাটলারের ক্যারিয়ার সেরা ৬৭ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ইংলিশ অধিনায়ক ব্রডকে ভাল সূচনা এনে দিতে পারেনি ব্যাটসম্যানরা। পঞ্চম ওভারে মাত্র ২৬ রানে তিন উইকেট হারানো ইংলিশদের হাল ধরেন বাটলার এবং এ্যালেক্স হেলস। এই জুটি চতুর্থ উইকেটে ৭৬ রান যোগ না করলে সফরকারীদের ইনিংস হয়ত আরো আগেই শেষ হয়ে যেত। উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাটলার ৪৩ বলে তিনটি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। ম্যাচ শেষে এই হারের পেছনে দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন ব্রডের অনুপস্থিতিতে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক এউইন মরগ্যান। তিনি বলেন, আমি মনে করি কাল আমাদের ১৫-২০ রান কম ছিল। তারপরেও আমরা যথেষ্ট লড়াই করেছি যা বিশ্বকাপের আগে দলকে অনুপ্রেরণা দিবে। ক্যারিবীয় তারকা স্পিনার সুনীল নারিনের স্থানে দলে সুযোগ পাওয়া বাঁহাতি সীমার সানতোকির দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ২১ রানে ৪ উইকেট দখল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। ম্যাচ শেষে ২৯ বছর বয়সী জ্যামাইকান এই পেসার বলেছেন, ‘আমি শুধুমাত্র পেসের ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। যখনই আমি খেলার সুযোগ পাই তখনই নিজের মূল দায়িত্বের প্রতি অটল থাকি এবং বোলিংয়ে উন্নতি করতে চেষ্টা করি।’