জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিদ্যুতের লুকোচুরি

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:২৯
বিশ্বকাপ চলার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের আশ্বাস দিলেও তা রক্ষা করতে পারেনি বিদ্যুত্ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে গতকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও নেদারল্যান্ড। এই ম্যাচে মোট তিন দফায় ৩০ মিনিট বিদ্যুত্ ছিল না। প্রথমবার বিদ্যুত্ যায় আফগানিস্তানের ইনিংসের শেষ পর্যায়ে ৪টা ৪৪ মিনিটে। ফেরত আসে ২৩ মিনিট পর ৫টা ৭ মিনিটে। তবে দিনের আলো থাকায় প্রথমবার বিদ্যুত্ বিভ্রাটের সময় খেলায় কোনো ব্যাঘাত ঘটেনি। এরপর মাঝবিরতি চলার সময় দ্বিতীয়বার বিদ্যুত্ গিয়ে ফেরত আসে চার মিনিট পর। বিদ্যুতের ভেল্কিবাজি শেষবার দেখা যায় নেদারল্যান্ডের ইনিংস শুরুর ঠিক আগ মুহূর্তে। মাঠের ফ্লাডলাইটগুলো তখন এক এক করে জ্বলে উঠছে। আম্পায়ার ও খেলোয়াড়রা উইকেটের দিকে হেঁটে যাচ্ছেন। এমন সময় আবার উধাও হয়ে যায় বিদ্যুত্। ফিরে আসে তিন মিনিট পর। এভাবে তিন দফায় ৩০ মিনিট বিদ্যুত্ বিভ্রাটের কারণে নেদারল্যান্ডের ইনিংসের দৈর্ঘ্যও কমিয়ে আনা হয় ৫ ওভার। কার্টেল ওভারের এই ম্যাচে শেষ অবধি হেরে যায় নেদারল্যান্ড। বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ একটি আসরে দফায় দফায় বিদ্যুত্ বিভ্রাটে ক্ষুব্ধ হন স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা। টুর্নামেন্টের বাকি দিনগুলোতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। প্রসঙ্গত, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপেও বিদ্যুত্ বিভ্রাটের ঘটনা ঘটে। ২০১১ সালের ১১ মার্চ লোডশেডিংয়ের অভিশাপ আক্রান্ত ওই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ম্যাচে অবশ্য বাংলাদেশই জিতেছিল।