কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় জোকোভিচ

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:৩১
বিএনপি পারিবাস ওপেনের দুই বারের শিরোপাজয়ী নোভাক জোকোভিচ বাড়তি ঘাম ঝরানো এক জয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছেন। সেখানে জোকোভিচ মুখোমুখি হবেন এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ম্যারিন চিলিসের। তৃতীয় রাউন্ডে এই জোকোভিচ ৬-১,৩-৬,৬-১ গেমে হারিয়েছেন আলেজান্দ্রো গঞ্জালেসকে। টুর্নামেন্টের ২০০৮ ও ’১১ আসরের শিরোপাজয়ী জোকোভিচ তৃতীয় রাউন্ডে শুরু করেছিলেন প্রত্যাশিতভাবেই। তবে দ্বিতীয় সেটে দারুনভাবে ঘুরে দাড়ান গঞ্জালেস। এরপর তৃতীয় সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পা রাখেন শেষ ষোলোয়। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা তারকাটি ম্যাচ শেষে স্বীকার করেন, খেলার শুরুতে ছন্দে ছিলেন না তিনি, ‘ম্যাচের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লেগেছে। তবে আমার ধারণা প্রথম থেকেই আমার পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। এরপর হঠাত্ করেই মন:সংযোগে ঘাটতি দেখা যায় এবং সেটার সুযোগে সে (গঞ্জালেস) সেটটি জিতে নেয়। তবে তৃতীয় সেটে আমি দারুনভাবে ফিরে এসেছি।’ তবে পরবর্তী ম্যাচে চিলিসের বিরুদ্ধে একই ধরনের সমস্যায় যদি পড়তে হয়, সেটা বড় ধরনের বিপদের কারন হবে বলেই মনে করছেন ‘জোকার’। তিনি বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই, এ ধরনের মন:সংযোগ ঘাটতি খেলাটির এই পর্যায়ে কোন ভাবেই মেনে যায় না। বিশেষ করে চিলিসের মতো খেলোয়াড়ের বিরুদ্ধে এটা অবশ্যই বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া, গোরান ইভানেসিভিচের প্রশিক্ষনে সে নিজেকে আরো শানিয়ে নিয়েছে। সুতরাং, তাকে টপকাতে হলে নি:সন্দেহে আমাকে নিজের সেরা ফর্মে থাকতে হবে।’ দুজনের অতীত মুখোমুখিতায় জোকোভিচ ৭-০ ব্যবধানে এগিয়ে থাকলেও, অতীত অভিজ্ঞতাই জোকোভিচকে চিলিসের বিরুদ্ধে আরো সতর্ক করে তুলেছে। গত মৌসুমে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা বলেন, ‘তার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন কোর্টে আমি বেশ কয়েকবারই খেলেছি। যদিও, সামপ্রতিক সময়ে খেলা হয়নি দুজনার। এখন সে অতীতের যে কোন সময়ের চাইতে আক্রমনাত্মক খেলা খেলছে। সার্ভটাকে সে দারুনভাবে কাজে লাগাচ্ছে। তাছাড়া কোর্টে নড়াচড়ার ক্ষেত্রেও সে অত্যন্ত দ্রূত। তার বেশ কিছু ম্যাচ আমি দেখেছি। রটারডামে মারের বিরুদ্ধে সরাসরি সেটে তাকে জিততে দেখেছি। আমি নিশ্চিত সে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের হারানোর ক্ষমতা রাখে।’