যুদ্ধাপরাধের বিচার

প্রধানমন্ত্রীর প্রশংসায় আরব লীগ মহাসচিব

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:০৪
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন ও যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দৃঢ়তার প্রশংসা করে আরব লীগ মহাসচিব ডঃ নাবিল এল আরাবি বলেন যে, তিনি খুব নিবিড়ভাবে এ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন। গতকাল বুধবার কায়রোতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে এক বৈঠকে ডঃ নাবিল এল আরাবি একথা বলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশকে আরব লীগের সমর্থন দানের বিষয়ে আশ্বস্ত করেন। প্যালেস্টাইন ও সিরিয়ার বর্তমান সংকট মোকাবিলায় গৃহীত কূটনৈতিক তত্পরতা সম্পর্কে আরব লীগ মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের নীতিগত সমর্থনের প্রশংসা করেন এবং ফিলিস্তিন জনগণের অধিকার ও একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘে ও আন্তর্জাতিক অন্যান্য অঙ্গনে বাংলাদেশকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। শাহরিয়ার আলমের সাথে অপর এক বৈঠকে মিশরীয় পররাষ্ট্র মন্ত্রী নাবিল ফাহমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশসহ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে মিশরের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি মিশরের পোশাক শিল্পে বাংলাদেশের শ্রমিকদের কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০১৩ সালে বাংলাদেশ ও মিশরের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানান এবং এ মাসের শেষের দিকে এব্যাপারে প্রথম সভা অনুষ্ঠানের জন্য মিশরীয় পক্ষকে আহবান জানান। বাংলাদেশ ও মিশরের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে মিশরে জনশক্তি রপ্তানির জন্য সরকারি পর্যায়ে ব্যবস্থাপনার ব্যাপারে মন্ত্রীদ্বয় একমত প্রকাশ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে দু-দেশের সাধারণ স্বার্থ অন্বেষনে জাতিসংঘসহ আন্তর্জাতিক অন্যান্য ফোরামে দু-দেশের মধ্যে বিরাজমান চমত্কার সম্পর্ক রক্ষার উপর জোর দেন। -প্রেস বিজ্ঞপ্তি