মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি দক্ষিণ চীন সাগরে হারিয়ে হওয়ার কয়েক মিনিট আগে শেষবারের মতো যোগাযোগের সময় এর সবকিছুই স্বাভাবিক ছিল বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও সিএনএন’র।
মালয়েশিয়ান এয়ার কন্ট্রোল থেকে এক বেতার বার্তায় ফ্লাইট এমএইচ৩৭০ থেকে ‘সবকিছু ঠিক আছে’ বলে জানানো হয়েছিল। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়া কর্তৃপক্ষ। নিখোঁজ বিমানের ১৫৩ জন চীনা যাত্রীর আত্মীয়-স্বজনদের জন্য এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিমানটি মালয়েশিয়া এবং ভিয়েতনামের আকাশসীমার মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর মালয়েশিয়ান এয়ার কন্ট্রোল হো চি মিন সিটির এয়ার কন্ট্রোলের কাছে বিমানটির যোগাযোগের ভার হস্তান্তরের ঘোষণা দেয়। এর কয়েক মিনিট পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায় এমএইচ৩৭০ ফ্লাইট। বিমানটির গতিপথ নিয়ে নানারকম তথ্যের কারণে বিষয়টি জটিল আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার মালয়েশিয়ার সামরিক বাহিনী মালাক্কা প্রণালীতে বিমানটির গতিপথের সন্ধান পাওয়ার আভাস দিলেও পরে দেশটির বিমান বাহিনী প্রধান এ সম্ভাবনা নাকচ করেন।
