উপজেলায় ভোটকেন্দ্র দখল হচ্ছে চর দখলের মত

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:১৫
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চর দখলের মতো উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল করা হচ্ছে। অবৈধ সরকার সমর্থিতরা ভোট কারচুপি করে নির্বাচনে ভোটারের অধিকার ছিনিয়ে নিচ্ছেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। গণতন্ত্র আজ বিপন্ন, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে। গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে মশিয়ূর রহমান যাদু মিয়ার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় মির্জা ফখরুল একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছল-চাতুরি ও অনেক কলাকৌশল করে সরকার বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে চাইছে। তারা অস্ত্রের জোরে ক্ষমতায় বসে আছে। এই সরকারকে দেখে বিদেশিরা পর্যন্ত বলেছে বাংলাদেশে ফের একদলীয় শাসন শুরু হয়েছে। বিগত ৫ জানুয়ারির নির্বাচনে শুধু আমরা নয়, বাসদ, সিপিবিও অংশ নেয়নি। এরশাদ সাহেব বলেছেন, তিনি নির্বাচন বর্জন করেছেন। পরে আবার দেখলাম তাকে জোর করে এমপি বানানো হয়েছে। এরকম তামাশা ও হাস্যকর সরকার পৃথিবীর আর কোথাও আছে কিনা জানা নেই। মির্জা ফখরুল বলেন, এমন একটা নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে, যারা কিছু শুনেও শোনে না; দেখেও দেখে না। উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল থেকে শুরু করে জাল ভোট দিলেও ইসি কোন পদক্ষেপ নিচ্ছে না। আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নূর মুহাম্মদ খান, কলামিস্ট নজমুল হক নান্নু প্রমুখ। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, দলের ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অব্যাহতির বিষয়ে তিনি কিছুই জানেন না ।