বিসিবি’র সেলিব্রেশন কনসার্ট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশেপাশের কয়েকটি সড়কে আজ বৃহস্পতিবার যান চলাচল বন্ধ থাকবে। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পুলিশের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, দেশি-বিদেশি দর্শনার্থী এবং অতিথিরা উপস্থিত থাকবেন। তাদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকায় চলাচলরত গাড়ি চালকদের বৃহস্পতিবার সকাল ১১টা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত দিক নির্দেশনা অনুসরণ করতে হবে।
জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত, রাজউক ক্রসিং হতে দৈনিক বাংলা পর্যন্ত, দৈনিক বাংলা ক্রসিং হতে পল্টন মোড় হয়ে গোলাপশাহ মাজার পর্যন্ত বিসিবি সেলিব্রেশন কনসার্টের স্টিকারযুক্ত যান ছাড়া অন্য সকল যানবাহন বন্ধ থাকবে। এসব সড়কে আসা যানবাহনকে শাপলা চত্বর এবং মতিঝিল হতে শহরগামী সকল প্রকার যানবাহনকে দৈনিক বাংলা হয়ে ফকিরাপুল কিংবা অন্য কোনো বিকল্প রাস্তায় চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। শাপলা চত্বর এবং মতিঝিলগামী যানবাহন নাইটিংগেল-ফকিরাপুল অথবা পল্টন দৈনিক বাংলা হয়ে অথবা অন্য কোনো বিকল্প রাস্তায় চলাচলের জন্য বলা হয়েছে। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রাহমানসহ দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।
