চট্টগ্রাম মেডিক্যালে আরো ২শ শয্যা বাড়ানো হবে

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:১৭
স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য চিকিত্সক, জনপ্রতিনিধিসহ অন্যদের নিয়ে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের চূড়ান্ত কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নিজেই এর উদ্বোধন করবেন। তিনি মেডিক্যালের সুন্দর পরিবেশকে অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, চট্টগ্রাম মেডিক্যালের ভবন সমপ্রসারণ করে আরো ২০০ শয্যা বাড়ানো হবে। অসহায় মানুষের সেবাই আসল ধর্ম। মানুষ চায় পরিচ্ছন্ন হাসপাতাল। ভাল কাজ করলে অবশ্যই পুরস্কৃত করা হবে। অন্যায় ও দুর্নীতি করলে শাস্তি পেতে হবে। তিনি গতকাল বুধবার চট্টগ্রাম মেডিক্যালে নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম মেডিক্যালের সম্মেলন কক্ষে সিনিয়র চিকিত্সকদের সাথে অনুষ্ঠিত সভায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহীদুল গণি সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, জাপানী দূতাবাসের মিনিস্টার হিরোইউকি মিনামি, ইউনিসেফ প্রতিনিধি লুইস মনবো, প্রফেসর ডা. শহীদুল্লাহ হক ও শিশু বিশেষজ্ঞ ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া প্রমুখ।