কালিদাসের মেঘেরা এসে

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:৫৬
সেদিন গর্জন করে উঠেছিল শৃঙ্খলিত বৈশাখের মেঘ— ফুঁসে উঠেছিল বঙ্গোপসাগর; ব্যানার-ফেস্টুন হাতে ছুটে এসেছিল শঙ্খ আর বাইগার বিশাল মিছিল; কতো যে বিচিত্র নাম— মুখচ্ছবি— ভাষাও আলাদা; গন্তব্য অভিন্ন তবু— একটাই দাবি। সেই মন্ত্র পৌঁছে গিয়েছিল ঘাসে, বৃক্ষে, লতাগুল্মে— দোয়েলের নীড়ে আর কুম্ভকর্ণ মাটির হূদয়ে। তখন জালালাবাদ, মহাস্থানগড় কথা বলে উঠেছিল; তখন সোনারগাঁর ধ্বংসস্তূপের ভেতর থেকে ডানা মেলেছিল সুবিশাল এক স্বপ্ন; তখন পদ্মার রুক্ষ বক্ষ ফুঁড়ে— আম্রকাননের অস্তমিত সবুজের বিবর্ণ ললাট জুড়ে উঁকি দিয়েছিল স্বনির্মিত এক সূর্য। তখন মুহূর্তে সব রঙ মিলেমিশে একাকার হয়ে গেল; সব কণ্ঠ এক হয়ে উড়ে গেল বজ্রের ডানায়। কালিদাসের মেঘেরা এসে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছে তাকে।