ভুবনডাঙার মেঘ ছুঁয়ে যায় স্কন্ধ
মেলাবো
বৃক্ষ স্বপ্ন আশ্চর্য
বীথিকার ছায়া দাঁড়ায় মেঘ ছুঁয়ে
বাতাসে বৃষ্টির গন্ধ
ধূ ধূ শূন্য
সত্তার স্বরূপ ছন্দ বাঁধে
নীল আকাশে পথেয় খুঁজতে খুঁজতে
কোথায় থাকি, কোথায় ঠিকানা
মূক; কথা বলিনা
এই মাটি, লাল মাটি থাকে বুক জুড়ে
ভুবনডাঙার মেঘ জটিল নিঃস্তব্ধতায়
প্রীতি দেয় বুকে
অচেনা হয়ে উঠি, খুঁজে দেখি উষ্ণতা
প্রাণজুড়ে থাকে
ছায়ায় ছায়ায় সবিতা হালদারের মায়া
কোথায় সে? মেঘ যে ছুঁয়ে যায় সমর্পণে
নারীরা খুব উজ্জ্বল এবং ডাগর চোখের রাবীন্দ্রিক সুষমা
ছড়িয়ে পড়ে কল্পনায়
মেনে নিয়েছি নিঃস্তব্ধতা
মেনে নিয়েছি আহত
হূদয়ে ব্যাকুল আঁকিবুঁকি
ভুবনডাঙার প্রার্থনায় এই মেঘ, এই বৃষ্টি
নিজেকেই খুঁজে যাচ্ছে
স্বরূপ হয়ে উঠছে আত্মজিজ্ঞাসায়
দীর্ঘ পথ
শালবীথিকায় উপ্ত বীজ থাকে
দূরে মন্দিরে আনন্দের স্তব
অনাবিল সৌন্দর্যে
ভুবনডাঙার মেঘ
বুনো বৃষ্টি হয়ে নামে
মাধবীকুঞ্জে স্বপ্ন ছুঁয়ে থাকে
প্রার্থনায়
আমি অন্ধ
প্রান্তর ধূ ধূ শূন্য
