কর্ণফুলি রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় হংকং, আমেরিকা ও বাংলাদেশের ত্রিদেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এসওএস আউটফিটারস লিমিটেড একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। ৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে কারখানাটি বার্ষিক ১১ দশমিক ৫২ মিলিয়ন পিস বিভিন্ন প্রকার ওভেন গার্মেন্টস যেমন কার্গো প্যান্ট, পোশাক, শার্ট, জ্যাকেট এবং টি-শার্ট, পলো শার্ট, শর্ট, ট্যাংক টপসহ বিভিন্ন ধরনের নীট গার্মেন্টস উত্পাদন করবে। এসওএস আউটফিটারস কারখানায় ১ হাজার ৯৯২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ উপলক্ষে সমপ্রতি ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স এসওএস আউটফিটারস লিমিটেডের মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং আউটফিটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন।- প্রেস বিজ্ঞপ্তি
