ভ্যাটিকান চার্চের প্রধান যাজক পোপ ফ্রান্সিসের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হয়েছে বৃহস্পতিবার। তিনি প্রথম ল্যাটিন আমেরিকান এবং আর্জেন্টিনার বংশোদ্ভূত রোমান ক্যাথলিক প্রধান যাজক। তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশালসংখ্যক দর্শনার্থী গির্জায় আসে যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোপ ফ্রান্সিসের নয়টি ভাষাভাষীর ১ কোটি ১০ লাখ ফলোয়ার রয়েছে। ফ্রান্সিস ৭৬ বছর বয়সে পোপের দায়িত্ব গ্রহণ করেন।
বিবিসি প্রতিনিধির ভাষ্য মতে, ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ১০ হাজার শিশু উত্পীড়নের অভিযোগ থাকলেও অতীতের যে কোন পোপের চেয়ে ফ্রান্সিসের জনপ্রিয়তা সবার উপরে। পোপ ফ্রান্সিস দায়িত্ব গ্রহণের পর গির্জার কাজকর্ম পরিচালনা, অর্থনৈতিক সংস্কার এবং ভ্যাটিকান ব্যাংক কেলেঙ্কারি নিরসনের জন্য একজন নতুন উপদেষ্টা নিয়োগ করেন।
