দামেস্কের কাছে ইয়ারমুক শরণার্থী শিবিরে গত জানুয়ারি মাসে বিপুলসংখ্যক ফিলিস্তিনি শরণার্থীর খাবারের জন্য রাস্তায় ভিড় সংক্রান্ত প্রকাশিত চিত্রকে জাল বলে যে অভিযোগ উত্থাপিত হয়েছিল তা অস্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, শত শত লোকের সেদিনের খাদ্যের জন্য যে দীর্ঘ অপেক্ষা তা বাস্তবিক অর্থে দেশটির চিত্রকেই প্রতিফলিত করেছে। ব্লগাররা ছবিটির বিষয়বস্তুকে প্রযুক্তির মাধ্যমে কারসাজি করে আসল সত্যকে বদলে দেয়া হয়েছে বলে যে অভিযোগ উত্থাপন করেছে তা আদৌ সত্য নয়। —খবর নিউইয়র্ক টাইমসের।
জাতিসংঘের তরফ থেকে বলা হয়, ছবিটিতে ক্ষুধার্ত মানুষের উপচেপড়া ভিড় আর রাস্তার দু’ধারের স্থাপনা বাশার বাহিনীর বোমা হামলার ধ্বংসযজ্ঞের চিহ্নই বহন করে। ছবিটি গত কয়েক সপ্তাহে টুইটারেও কমপক্ষে ৮০ লাখ বার ব্যবহূত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির মুখপাত্র ক্রিস গানেস বলেছেন, ছবির বিষয়বস্তু নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে তাতে তিনি আশ্চর্য হয়েছেন। তিনি বলেন, যত প্রশ্নই করা হোক না কেন আমরা জানি, সিরিয়ায় কী ঘটছে।
