মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচির অধীনে আজ শুক্রবার ত্রয়োদশতম মুক্তির উত্সব উদযাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিল্পী-সাহিত্যিক-সঙ্গীত শিল্পীসহ প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচির অধীনে বিগত বছরে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতি বছরের মত এবারও বার্ষিক মুক্তির উত্সবের আয়োজন করা হয়েছে।উত্সবে শপথ পাঠ করাবেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অধ্যাপক জাফর ইকবাল।
এছাড়াও উত্সবে সঙ্গীত পরিবেশন করবে বধ্যভূমির সন্তান, ছায়ানট, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, মমতাজ, মিতা হক, ফেরদৌস আরা ও নৃত্য পরিবেশন করবে ধ্রুপদ কলা কেন্দ্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সিদ্দিকস্ ইন্টারন্যাশনাল স্কুল, বাড্ডা অলিতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ইউসেপ স্কুল।
