ভালুকা উপজেলায় তরিকুল ইসলাম (২২) নামে এক বখাটে জ্বলন্ত সিগারেট দিয়ে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে মারাত্মকভাবে জখম করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার একটি গ্রামে।
মাদ্রাসা ও পারিবারিক সূত্র জানায়, ওই গ্রামের আবুল কালামের বখাটে ছেলে তরিকুল ইসলাম ঐ ছাত্রীকে দীর্ঘদিন যাবত্ উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন দুপুরে ঐ ছাত্রী তার মাকে নিয়ে মাদ্রাসা সুপারের কাছে নালিশ করে বাড়ি ফেরার সময় তরিকুল ঐ ছাত্রীকে রাস্তায় ফেলে জ্বলন্ত সিগারেট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছেকা দেয়। পরে আহত ছাত্রী ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঐ মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ছরোয়ার হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। মাদ্রাসা সুপার জানান, বখাটে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ঐ ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত।
