রংপুর মহানগরীর পায়রা চত্বর থেকে শাপলা ব্রিজ পর্যন্ত চার লেন সড়ক তৈরিতে বাধা সৃষ্টিকারী তিন ভবন মালিক রংপুরের উন্নয়নকামী মানুষের কাছে ‘দুশমন’। এদের রংপুরে বসবাস করার অধিকার নেই। গতকাল বৃহস্পতিবার নগরীর পায়রা চত্বরে সচেতন নাগরিক সমাজের আয়োজনে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু এসব কথা বলেন। গতকাল সকালে শুরু হয় গণজমায়েত। গণজমায়েতে মেয়র ঝন্টু ভবন মালিকদের ৩ দিনের আলটিমেটাম দিয়ে আরো বলেন, এর মধ্যে তারা যদি আমাদের সাথে আলোচনায় না বসেন, তাহলে ঐ ৩টি ভবনের সামনে সিটি কর্পোরেশনের ময়লা ফেলে স্তূপ করা হবে। জেলা প্রশাসককে উদ্দেশে করে মেয়র ঝন্টু বলেন, আপনি ১৫ দিনের সময় চেয়েছেন। তাই আজ আর কিছু করলাম না।
এদিকে গত বুধবার রংপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন পায়রা চত্বর থেকে শাপলা ব্রিজ পর্যন্ত এলাকার দোকান মালিক, ব্যবসায়ী ও ভবন মালিকরা। সম্মেলনে বলা হয়, হাইকোর্ট বিভাগ মূল শুনানি না হওয়া পর্যন্ত ঐ এলাকার কাজের উপর ষ্টে-অর্ডার দিয়েছেন।
