ইসলামী ব্যাংক হকির স্পন্সর

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২২:২৭
এশিয়ান গেমস হকির বাছাই পর্বের টাইটেল স্পন্সর হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এর জন্য হকি ফেডারেশনকে এক কোটি টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বিকালে বিওএ’র কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে হকি ফেডারেশন সভাপতি ইনামুল বারীর হাতে সমুদয় অর্থের চেক তুলে দেন ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা আনোয়ার। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘খেলাধুলার প্রতি আমাদের দুর্বলতা আছে। আমাদের দায়িত্বও আছে। আমরা সব সময় খেলাধুলার পাশে থাকতে চাই।’ তিনি সামপ্রতিক সময়ে খেলাধুলার কি পরিমাণ অর্থ ব্যয় করেছেন। তাতে উঠে এসেছে ৪০ কোটি টাকার হিসাব। তার মতে খেলাধুলা হলে খেলোয়াড় উঠে আসবে। দেশের সম্মান বয়ে আনবেন খেলোয়াড়রা।’ ফেডারেশনের কাছে এক কোটি টাকার চেক তুলে দেয়ার আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘হকির সাথে আমরা মেলবন্ধনে আবদ্ধ হয়েছি। হকিকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে বলে আমরা মনে করি।’ ইসলামী ব্যাংকের পাশাপাশি এশিয়ান গেমস হকির মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে এটিএনবাংলা টিভি চ্যানেল, জাতীয় দলের ড্রেস পার্টনার অঞ্জনস, আইটি পার্টনার আমরা নেটওয়ার্ক, ফরেন কোচ পার্টনার জনতা ব্যাংক, ফুড পার্টনার হেলভেসিয়া। ওমান আজ ভোরে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এছাড়া গতকাল সকালে কাতার পৌঁছে গেছে। অন্য দেশগুলোর গতকালই পৌঁছে যাওয়ার কথা রয়েছে।