অনিশ্চিত জনসন

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২২:২৮
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসনের ডান পায়ের পাতায় ইনফেকশন দেখা দেয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার জানিয়েছে- তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। দলটি আগামী রবিবার বাংলাদেশের উদ্দ্যেশ্যে রওনা হওয়ার কথা। এদিকে দলের অন্য সবার থেকে আলাদা হয়ে জনসন পার্থে ক্ষতের জন্য চিকিত্সা নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতে চোট পাওয়ার পর ক্ষত নিয়েই খেলে যাওয়ায় কেপ টাউনে তৃতীয় টেস্টের পর তার ক্ষত আরো বেড়ে যায়। নিজ মাঠে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে এবং এরপর দক্ষিণ আফ্রিকায় এ্যাওয়ে সিরিজে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন ৩২ বছর বয়সী জনসন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চীফ মেডিকেল অফিসার জাস্টিন পাওলনি জানান, আগামী ২/৩ দিন জনসনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।