টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে গত বুধবার চট্টগ্রামে চার অতিথি দল এক দফা প্রস্তুতি ম্যাচ খেলার পর আজ শুক্রবার আবার মাঠে নামছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচে আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে জিম্বাবুয়ে দলের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে হংকং খেলবে নেদারল্যান্ড দলের বিপক্ষে। প্রথম ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৭টায়।
চারটি দল আগের ম্যাচ খেলেছিল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। চার দলের সে লড়াইয়ে আফগানিস্তান ৩৫ রানে নেদারল্যান্ডকে হারায় এবং হংকং ৪ উইকেটে জয়ী হয় টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে।
দর্শকদের অবশ্য প্রস্তুতি ম্যাচ দেখতে গ্যালারী ২৫ টাকা, ক্লাব হাউস ৫০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা হিসেবে টিকেট কাটতে হবে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম ভবনস্থ কাউন্টারে সকল শ্রেণীর টিকেট পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার চার দলই অনুশীলন করে। প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগান ও হংকং দল উের যাওয়ায় তাদের মনোবল চাঙ্গা। উভয় দল আজকের ম্যাচেও জিততে চায় অতি সহজে।
জিম্বাবুয়ে দলকে হারানোটা ছিল হংকং দলের জন্য বড় ধরনের এক চমক। তবে ব্রেন্ডন টেইলরের মতে এই পরাজয় তেমন সমস্যায় ফেলবে না মূল আসরে। আফগানিস্তান দলের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে আগের ভুলত্রুটি শোধরিয়ে মাঠে নামবে টেইলরের দল জিম্বাবুয়ে। হংকং দলের অধিনায়ক জিমি আটকিংসন চট্টগ্রামে পা রেখেই সাংবাদিকদের জানিয়েছিলেন তারা ভালো কিছু করতে চান। সে সামর্থ্য যে দলটির রয়েছে সেটা তারা প্রমাণ করলো শক্তিশালী জিম্বাবুয়ে দলকে হারিয়ে। বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় রয়েছে হংকং দলে। তাদের মধ্যে একজন হলেন মার্ক চ্যাপমান। ১৯ বছর বয়সের এই ক্রিকেটারের মেধার প্রমাণ আগের ম্যাচে পাওয়া গেছে। তরুণ চ্যাপমানের হাফ সেঞ্চুরিতেই জিম্বাবুয়ে দলের কপাল পুড়ে। এমএ আজিজ স্টেডিয়ামে নেদারল্যান্ড দলের বিপক্ষে চিন্তার কোন কারণ নেই বলে জানালেন দলের অধিনায়ক জিমি আটকিংসন।
উল্লেখ্য মূল পর্বে হংকং খেলবে নেপাল দলের বিপক্ষে। ১৬ মার্চ খেলাটি হবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায়।
