টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে হলে ইংল্যান্ডকে সঠিক একটা সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সীমিত ওভারের কোচ অ্যাশলে জাইলস। ওয়েস্ট ইন্ডিজের কাছে তার দল সিরিজ হারার পর জাইলস একথা বলেন। ক্যারিবীয় সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ড দলের দুর্বল পারফরমেন্সের কারণে প্রথম দুই ম্যাচে জয়লাভ করে সহজেই সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এনিয়ে ২০১৪ সালে খেলা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচেই পরাজিত হয়েছে ইংল্যান্ড দল। আর এই হারের পেছনে দায়ী করা হচ্ছে দলের ব্যাটিং ব্যর্থতাকেই। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলটি প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছে বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দিতে। সিরিজের শেষ ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে জাইলস বলেন, ‘এটা অত্যন্ত পরিষ্কার যে আমরা খুব ভাল ক্রিকেট খেলছি না এবং বেশ কিছু দিন যাবত্ই তা অব্যাহত আছে। আমাদের দলে ভাল খেলোয়াড় আছে এবং শীর্ষ তিনে আমাদের ভাল একটা ফর্মুলা খুঁজে বের করতে হবে। এ কাজটা করতে ছেলেদেরকে আমাদের সমর্থন করতে হবে।’
