তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. দেলোয়ার হোসেনের জামিন নাকচ করা হয়েছে। একইসঙ্গে দেলোয়ারের স্ত্রী তাজরীনের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আদেশের জন্য ২০ মার্চ দিন ধার্য করেছে আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে দেলোয়ারের জামিন নাকচ করেন।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে গত ১২ ফেব্রুয়ারি তাজরীনের চেয়ারম্যান মাহমুদার জামিন বাতিল চেয়ে রিভিশন আবেদন করে রাষ্ট্রপক্ষ। সাপ্তাহিক হাজিরার শর্তে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। অন্যদিকে গত ২৫ ফেব্রুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেলোয়ারের জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে গতকাল আবার না মঞ্জুর করে জেলা জজ আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সংশ্লিষ্ট আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) খোন্দকার আবদুল মান্নান। আসামিপক্ষে ছিলেন কাজী নজিব উল্যাহ হিরু, এটিএম গোলাম গাউস ও আবু বকর ফরহাদ প্রমুখ।
