অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আহসান আলীর আবেদনে ঢাকা মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে এ মামলায় খন্দকার মোশাররফকে দুদক কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ২টার দিকে তাকে আদালতে নেয়া হয়। দুদকের দায়ের করা অর্থপাচার মামলায় গত বুধবার রাতে সাবেক এ মন্ত্রীকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত সাড়ে নয় কোটি টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগে গত ৬ জানুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার রমনা মডেল থানায় বাদী হয়ে এই অর্থপাচার মামলাটি দায়ের করেন।
এদিকে, খন্দকার মোশাররফ হোসেনকে একদিন জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা। গতকাল বিকালে আদালত থেকে বেরিয়ে আসার সময় মোশাররফ তদন্ত কর্মকর্তা আহসান আলীকে বলেন, “আমি খুব ক্লান্ত। আজকেই কি আমাকে রিমান্ডে নিয়ে যাবেন?” এসময় দুই মিনিট নিশ্চুপ থেকে আহসানকে বলতে শোনা যায়, “একদিন রেখেই আপনাকে ছেড়ে দেব।” কথোপকথন শুনে সাংবাদিকরা জানতে চাইলে আহসান বলেন, “আমি উনাকে বলেছি, একদিন জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেব।”
