জেলার সিদ্ধিরগঞ্জে তুলা ও ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১৫টি গুদামের কয়েক কোটি টাকার ঝুট ও তুলা পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়। জালকুড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেমরা এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় প্রায় অর্ধ শতাধিক ঝুটের গুদাম রয়েছে। দুপুরে বাবুল প্রধানের ঝুটের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে বাবুল প্রধানের ৫টি গুদামসহ এরশাদ মিয়া, হায়দার আলী, আব্দুল মালেক, ওমর ফারুক, মিজান, সালাউদ্দিন, মজিবর রহমান, আব্দুল মান্নান, কুতুব উদ্দিন, শাহজাহান, আক্তার হোসেন, আফতাব উদ্দিন ও হাফেজ মিয়ার ১৫ টি গুদামের কয়েক কোটি টাকার ঝুট ও তুলা পুড়ে গেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।
