সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:২৩
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গত বুধবার ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে চার হাজার ৫৪ জন ভোটারের মধ্যে তিন হাজার ১৪৩ জন আইনজীবী ভোট প্রদান করেছেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষ থেকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে এডভোকেট রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।