ভারতের দিল্লিতে এক মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। গত বছরের ১৩ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশকে ফাঁসির সাজা শুনিয়েছিল দিল্লির নিম্ন আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করে এই চার আসামি। সেই আবেদনকে খারিজ করে গতকাল বৃহস্পতিবার নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন রেভা ক্ষেত্রপাল ও প্রতিভা রানির ডিভিশন বেঞ্চ। খবর এনডিটিভির।
গতকাল রায়ে এই গণধর্ষণকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়েছে হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ছাত্রীর মা ও বাবা। তাঁর মা বলেন, বিচারব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা ছিল। আমরা ন্যায় বিচার চেয়েছিলাম। দোষীরা সর্বোচ্চ শাস্তি পেলেই স্বস্তি পাবো। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির মুনিরকা থেকে দ্বারকা যাওয়ার পথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিকালের ছাত্রী ‘নির্ভয়া’। দু’সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এক নাবালকসহ পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। ইতিমধ্যে বিচার চলাকালীন তিহার জেলেই মৃত্যু হয় বাসচালক রাম সিংহের। গত বছর এই ঘটনায় অভিযুক্ত নাবালককে তিন বছর সংশোধনাগারে থাকার সাজা দেয় কিশোর আদালত।
