ক্রিকেট খেলার সাথে বাজির সম্পর্কটা বহুদিন ধরেই আর গোপন হিসেবে নেই। বরং নানা সময়ে নানা অনুসন্ধান আর তদন্তের কারণে ক্রিকেট নামক খেলাটিতে বাজিকরদের থাবার কথা বেশ ভালোভাবেই জানা আমাদের। এমনকি বাজিকরদের দেখানো লোভে পা দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে বাধ্য হয়েছেন এমন বহু ক্রিকেটারের কথাও আমাদের জানা। এ প্রেক্ষাপটে সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার এবং সর্বকালের সেরা স্পিনারদের একজন শেন ওয়ার্নের প্রকাশ্যে একটি বাজিকর সংস্থার হয়ে বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার কথা শুনে সবার চমকে উঠবারই কথা। যদিও এ নিয়ে গেল কিছুদিন ধরে সমালোচনার পরিবর্তে মুখরোচক আলোচনাই হচ্ছে ঢের বেশি। আর এর নেপথ্যের কারণটি হলো সংস্থাটির বাজির ধরন। পাশ্চাত্যের অনেক দেশে খেলা নিয়ে আইনকানুন মেনে যেসব প্রতিষ্ঠান বাজি ধরতে সাহায্য করে তারই একটি হিসেবে এই কোম্পানিটি ওয়ার্নকে মাকড়সার ভয় মোকাবেলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কেননা খেলোয়াড়ি জীবনে অসংখ্য ব্যাটসম্যানকে বল হাতে ভয় দেখিয়ে বেড়ানো ওয়ার্ন নিজে যে মাকড়সা ভীষণ রকম ভয় পান সেটি বেশ ভালো করেই জানা ছিল এই প্রতিষ্ঠানটির। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ওয়ার্নির সাথে একটা অভিনব চুক্তি করে ফেলে তারা। প্রতিষ্ঠানটি জানায়, টারানটুলা নামের বিশেষ একধরনের মাকড়সার মুখোমুখি হয়ে ওয়ার্ন যদি তার অবস্থানে অবিচল থাকতে পারেন তাহলেই তাকে দেওয়া হবে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় লাখ চারেক টাকার মতো। ইতোমধ্যে বাজির এই ধারণাটির মাধ্যমে নিজেদের প্রচারণার কাজটিও অর্ধেক সমাধা করে রেখেছে প্রতিষ্ঠানটি। তাদের হয়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার বিষয়ে আগে থেকেই কথা পাকাপাকি হয়ে গিয়েছিল ওয়ার্নের। আর তাই বিজ্ঞাপনচিত্রের কথা বলে শেষতক ওয়ার্নকে অনেকটা চমকে দিয়েই হাজির করা হয় একটি মাকড়সার সামনে। বলা বাহুল্য, বিজ্ঞাপনের দৃশ্যে মাকড়সা দেখে ভয় পাওয়ার যে ‘এক্সপ্রেশন’ ওয়ার্ন দিয়েছেন তাতে কোনো ধরনের অভিনয়ের প্রয়োজনই পড়েনি।
