নতুন অনুষ্ঠান ও নাটকে বিপাশা

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ১৯:৪৯
বাংলাভিশনে বিপাশার অতিথি দর্শকপ্রিয়তা ও জনপ্রিয় থাকা অবস্থাতেই শেষ করে দিয়েছিলেন প্রথম সিজন। তবে ছোট পর্দার এই প্রখ্যাত অভিনেত্রী বিপাশা হায়াত আসছেন আবারও। বাংলভিশনেই নতুন অনুষ্ঠান নিয়ে আসবেন তিনি। এরই ভেতরে বেশ কিছু প্রস্তুতিও চলছে। এ ছাড়া ঘর-সংসার ও সন্তানের দেখভালের পাশাপাশি একজন সুঅভিনেত্রী যে নিখুঁতভাবে তার ব্যক্তিজীবনও সামলাতে পারেন। বিপাশা যে আমাদের শোবিজের তেমনই এক অনন্য উদাহরণ। নতুনভাবে শুরু করেছেন তার শিল্প চর্চা। নিজের কিছু পেইন্টিংসের কাজ শুরু করেছেন। নতুন বিষয় নিয়ে আঁকছেন এইগুলো। এগুলো শেষ হলেই একটা একক প্রদর্শনীর জন্য প্রস্তুতি নেবেন। সম্প্রতি বৈশাখী টিভির ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও জীবনের নানা অনুষঙ্গ নিয়ে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। বিপাশার কথায়, ‘আমার ক্যারিয়ারে কখনোই হুটহাট করে কোনো কিছু প্রত্যাশা করিনি। বা কখনো করতেও চাই না।’ বিপাশা হায়াত তাই এমনই। নিজের আদর্শকে সমুন্নত রেখে আজ অনেকের কাছেই তিনি অনন্য, অনুকরণীয়। নতুন অনুষ্ঠান আর একক প্রদর্শনীর কাজটিও তাই নিজের মতো করেই এগোচ্ছেন। এর পাশাপাশি বেশক’টি নাটকের নির্দেশনা দিয়েও দর্শকদের মন জয় করেছেন। আসছে ঈদে তেমন কিছু পরিকল্পনা আছে যা দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে থাকবে।