বলিউডের বহু অভিনয় শিল্পীই এখন হলিউডে ঝুঁকছেন। সর্বশেষ নার্গিস ফাখরিও জেসন স্ট্যাথামের বিপরীতে হলিউডি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এবার নাম এলো ‘দাবাঙ’খ্যাত সোনাক্ষি সিনহার। বলিউডে খুব অল্প সময়ে জনপ্রিয় হওয়া এই তারকা এবার হলিউডি চলচ্চিত্রে কাজ করলেও এটি অভিনয় নয়। তাহলে প্রশ্ন হতে পারে যে, সোনাক্ষি অভিনয় ছাড়া কী করবেন? নাচবেন? না সোনাক্ষি নাচবেনও না। তিনি এবার গাইবেন, পাশাপাশি চলচ্চিত্রে কণ্ঠও দিবেন। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। এবার সোনাক্ষির পালা। হলিউডের ব্যবসাসফল অ্যানিমেশন চলচ্চিত্র ‘রিও’-এর সিক্যুয়াল ‘রিও টু’তে কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষি সিনহা। তবে এটি হিন্দি ডাবিংয়ে। শুধু তাই নয়, এই অ্যানিমেশন চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এই ‘রিও টু’ চলচ্চিত্রটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে।
উল্লেখ্য, সোনাক্ষি সিনহা এখন ‘হলিডে :এ সোলজার অব নেভার অফ ডিউটি’, ‘অ্যাকশন জ্যাকশন’ ও ‘তেভর’ চলচ্চিত্রের শুটিং করছেন।
