যুদ্ধবিরতি সত্ত্বেও সন্দেহভাজন সশস্ত্র ফিলিস্তিনি গ্রুপগুলোকে লক্ষ্য করে গত বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অপরদিকে, হামাসশাসিত এলাকা থেকে ইসরাইলের অভ্যন্তরে রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসলামিক জিহাদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের দ্বিতীয় দিনে এসব ঘটনা ঘটেছে। ইসলামিক জিহাদ নামে ফিলিস্তিনি সংগঠনটি মিসরের সমর্থিত একটি যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা বললেও নির্ধারিত সময়ের পরেও সহিংসতা অব্যাহত ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ইসরাইলি সেনবাহিনীর দেয়া এক বিবৃতি বলা হয়েছে,‘ইসরাইলের বিমান বাহিনীর বিমান গাজা উপত্যকার দক্ষিণে চারটি এবং উত্তরে আরো তিনটি সন্ত্রাসী স্থাপনায় হামলা করেছে’। গাজার চিকিত্সকদের উদ্ধৃত করে আল জাজিরার সাংবাদিক বলেছেন, ইসরাইলি বিমান হামলায় তিনজন আহত হয়েছে এবং এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে গাজার কর্মকর্তারা বলেন, মিসর শত্রুতার মাত্রা কমানোর জন্য কাজ করছে। ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শিহাব বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় দুপুর দু’টা থেকে মিসরের সমর্থিত একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আগে ইসলামিক জিহাদের নেতা খাদেল আল-বাতশ বলেন, ২০১২ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরায় শুরু করতে মিসরীয় কর্মকর্তারা গাজা শাসন করা হামাস এবং ইসরাইলের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ইসরাইলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, তিনি কোনো যুদ্ধবিরতি চুক্তির সাথে ‘পরিচিত নন’। এদিকে ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, ইসরাইলি সরকার যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি।
