রাজশাহীতে কবিতা মেলা

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:০৯
রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন ‘কবিকুঞ্জ’ আয়োজিত দু’দিন ব্যাপী কবিতা মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে মহানগরীর শাহ্ মখদুম কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে কবিতা মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল’ শীর্ষক কবিতা মেলায় কবিকণ্ঠে কবিতাপাঠ, ছড়াপাঠ, প্রবন্ধপাঠ, আবৃত্তি, কবিকুঞ্জের সদস্যদের সদ্য প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও কবিকুঞ্জ পদক ২০১৩ প্রদান করা হবে। মেলার বিভিন্ন পর্বে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সনত্কুমার সাহা, খোন্দকার সিরাজুল হক, মাহবুব সাদিক, জুলফিকার মতিন, মাকিদ হায়দার, আবু হাসান শাহরিয়ার, আসাদ মান্নান, রফিকুর রশীদ, মামুন হুসাইন, শহীদ ইকবাল, পাবলো শাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের মৃণাল বসুচৌধুরী, শ্যামলকান্তি দাশ, শচীন দাশ, সুজিত সরকারসহ দেশ ও বিদেশের দুই শতাধিক কবি-লেখক অংশগ্রহণ করছেন। কবি কুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, কবিতা মেলার প্রথম দিনটি প্রয়াত ভাষাসৈনিক বিচারপতি হাবিবুর রহমানকে উত্সর্গ করা হয়েছে।