বিমান বাহিনী কমান্ড সেফটি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:৪৪
বিমান বাহিনীর ৩৭তম বার্ষিক কমান্ড সেফটি সম্মেলন বৃহস্পতিবার ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। প্রধান অতিথি বলেন, উড্ডয়ন নিরাপত্তা একটি বিকাশমান প্রক্রিয়া যার মাধ্যমে বিমান বাহিনী ও বিমান পরিচালনা সংস্থাসমূহ তাদের উদ্ভাবনী ধারা ও প্রক্রিয়ার উন্নয়নের মাধ্যমে বিমান দুর্ঘটনা রোধ করে থাকে। আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী উড্ডয়ন নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশলগত অগ্রগতির বহুমুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সমস্যাসমূহ কঠোরভাবে মোকাবেলা করছে। ২০১৩ সালের উড্ডয়ন নিরাপত্তায় অসাধারণ গৌরব অর্জনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং ১১ নং বহর আন্তঃস্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি লাভ করে। এছাড়া বার্ষিক আন্তঃস্কোয়াড্রন আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বহর হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর ৮নং বহর মারগুব ট্রফি এবং স্কোয়াড্রন লীডার এ কে এম নাজমুস সাদাত শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে টপ গান ট্রফি লাভ করেন। -আইএসপিআর